দুই মাস পর বন্দরে লোকালয় থেকে কুমির উদ্ধার, নেওয়া হচ্ছে সাফারি পার্কে

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে চলে আসা কুমিরটির অবশেষে সন্ধান মিলেছে। প্রায় দুই মাস ধরে আতঙ্ক ছড়ানোর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার করা কুমিরটিকে চিকিৎসা ও পরিচর্যার জন্য গাজীপুরের সাফারি পার্কে নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ওই পুকুরে কুমিরটি দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। তিন দিন ধরে অভিযান চালানোর পর বৃহস্পতিবার জাল ফেলে কুমিরটি উদ্ধার করতে সক্ষম হন তারা।
উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল জানান, দুই দিন আগে কুমিরটির অবস্থান সম্পর্কে খবর পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয়। বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ উদ্ধারকারী দল তৃতীয়বারের চেষ্টায় কুমিরটি ধরতে সক্ষম হয়েছে। এটি একটি মিঠাপানির কুমির।
তিনি আরও জানান, কুমিরটিকে গাজীপুরের সাফারি পার্কে নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার পাশাপাশি সংরক্ষণের ব্যবস্থা করা হবে। পরবর্তী সময়ে প্রাণী বিশেষজ্ঞরা উপযুক্ত মনে করলে কুমিরটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
কুমিরটি কীভাবে লোকালয়ে এসেছে, সে বিষয়ে বন কর্মকর্তা বলেন, পাশেই নদী রয়েছে। ধারণা করা হচ্ছে, নদীপথেই কুমিরটি ওই এলাকায় চলে এসেছে। এর আগে মানিকগঞ্জেও একটি কুমির পাওয়া গিয়েছিল, যেটি পরবর্তী সময়ে অবমুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় একটি পুকুরে প্রথম কুমিরটি দেখতে পান স্থানীয়রা। পরে সেটি পাশের অন্য একটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়। খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাল ফেলে উদ্ধারের চেষ্টা চালান। তবে কুমিরটির অবস্থান শনাক্ত করতে না পারায় সে সময় অভিযান ব্যর্থ হয়।
দীর্ঘদিন কুমিরটির কোনো সন্ধান না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল উপজেলা প্রশাসন। অবশেষে দুই মাস পর কুমিরটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
ভোরের আকাশ/আ.র