ভারতের অ্যাপোলো হাসপাতালের তথ্যসেবা এখন ময়মনসিংহে

ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান Apollo Hospitals Chennai-এর ইনফরমেশন সেন্টার চালু হয়েছে ময়মনসিংহে। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়া রোগীদের তথ্যসেবা, চিকিৎসক অ্যাপয়েনমেন্ট, মেডিকেল ভিসা ও হাসপাতাল সমন্বয় সহজ করতে মঙ্গলবার (১৯ মে) বিকেলে নগরের চরপাড়া মোড় এলাকার মিনসা টাওয়ারে এ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সেন্টারটির উদ্বোধন করেন Mymensingh City Corporation-এর প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দোহা মাসুম, অ্যাপোলো হাসপাতালের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর সনজিত নায়েক, স্থানীয় চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান মাহনাফ মেডির তত্ত্বাবধানে পরিচালিত হবে এ ইনফরমেশন সেন্টার।
উদ্বোধনের আগে বিকেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর ইউসুফ বলেন, ময়মনসিংহ বিভাগসহ আশপাশের জেলার হাজারো রোগী দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন হাসপাতালে গিয়ে থাকেন। তবে চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট সংগ্রহ, মেডিকেল রিপোর্ট প্রস্তুত, ভিসা প্রসেসিং, ট্রাভেল ব্যবস্থাপনা ও হাসপাতালের সঙ্গে যোগাযোগে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয় রোগী ও তাদের স্বজনদের।
তিনি বলেন,“অনেক সময় সঠিক তথ্যের অভাব, দালালচক্রের প্রতারণা কিংবা সমন্বয়হীনতার কারণে রোগীদের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হয়। এসব সমস্যা কমিয়ে রোগীদের নির্ভরযোগ্য ও স্বচ্ছ সেবা দিতেই এ ইনফরমেশন সেন্টার চালু করা হয়েছে।”
তিনি আরও জানান, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলের মানুষ এ সেন্টারের মাধ্যমে সহজেই আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবার প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। পাশাপাশি রোগীদের চিকিৎসা যাত্রা আরও নিরাপদ, পরিকল্পিত ও সময়সাশ্রয়ী হবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অ্যাপোলো হাসপাতালের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর সনজিত নায়েক বলেন, অ্যাপোলো হাসপাতাল আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের রোগীদের চিকিৎসা দিয়ে আসছে। তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও ওষুধ যুক্ত হচ্ছে এবং অ্যাপোলো হাসপাতাল সেসব প্রযুক্তি দ্রুত সেবায় অন্তর্ভুক্ত করছে।
তিনি আরও বলেন,“চেন্নাইয়ের হাসপাতালের পরিবেশ বাংলাদেশি রোগীদের জন্য অনেকটাই পরিচিত ও স্বাচ্ছন্দ্যময়। ভাষা ও সংস্কৃতিগত দিক থেকেও রোগীরা স্বস্তি অনুভব করেন।”
তিনি জানান, ময়মনসিংহের ইনফরমেশন সেন্টারের মাধ্যমে রোগীরা যেসব সহায়তা পাবেন, সেগুলোর মধ্যে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট নির্ধারণ মেডিকেল রিপোর্ট যাচাই ও সেকেন্ড ওপিনিয়ন সাপোর্ট মেডিকেল ভিসা ইনভাইটেশন ও গাইডলাইন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রক্রিয়া সমন্বয় ট্রাভেল ও আবাসনসংক্রান্ত সহযোগিতা চিকিৎসার আগে ও পরে রিপোর্ট ফলোআপ সহায়তা সংশ্লিষ্টরা মনে করছেন, ময়মনসিংহে আন্তর্জাতিক মানের এ ধরনের ইনফরমেশন সেন্টার চালু হওয়ায় উত্তরাঞ্চলের রোগীদের জন্য বিদেশে চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হবে। বিশেষ করে উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও তথ্য ও সমন্বয়ের অভাবে যারা দীর্ঘদিন ভোগান্তিতে পড়তেন, তারা এখন এক ছাতার নিচে প্রয়োজনীয় সহায়তা পাবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি, বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে সেমিনার এবং চিকিৎসকদের জন্য সিএমই (Continuing Medical Education) প্রোগ্রাম আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীকেন্দ্রিক সেবা নিশ্চিত করাই হবে এ উদ্যোগের মূল লক্ষ্য।
ভোরের আকাশ/ এনউব