শাজাহানপুরে লাইসেন্স ছাড়া পশু খাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে লাইসেন্স ছাড়া পশু খাদ্য উৎপাদনের দায়ে ‘নিউ সান ফার্মা’র স্বত্বাধিকারী কামরুজ্জামান খানকে (৪৫) ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গন্ডগ্রাম বিএডিসি অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী লাইসেন্সবিহীন পশু খাদ্য উৎপাদনের দায়ে ওই জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানার অর্থ পরিশোধ করেন।
এ সময় জব্দ করা অবৈধ পশু খাদ্য পরে ধ্বংস করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, লাইসেন্স ছাড়া পশু খাদ্য উৎপাদন আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আ.র