পঞ্চগড়ে দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা বলয়

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পঞ্চগড় জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
জেলার সব মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি ফোর্সেস, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে তিন স্তরের নিরাপত্তাবলয়।
রোববার (১৮ অক্টোবর) সকালে পঞ্চগড় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানি পারভেজ রনী।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পূজামণ্ডপ বা প্রতিমা ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা যেকোনো ধরনের দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এবারের দুর্গোৎসব আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। পূজার শেষ দিন এবং প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করেও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হবে।
ভোরের আকাশ/সু.পা