কচুয়ায় ফুলের গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায়

উচ্চ দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি। অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর, প্রিয় শিক্ষক এ জেড এম জামাল উদ্দিনকে অশ্রুসিক্ত ভালোবাসা, ফুলেল শুভেচ্ছা উপহার ও রাজকীয় আয়োজনে বিদায় জানালেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
দীর্ঘদিনের কর্মস্থল থেকে তার এই বিদায় যেন কেবল একজন শিক্ষকের অবসর নয়, বরং একটি প্রতিষ্ঠানের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।
চাঁদপুরের কচুয়ার তুলপাই-দারাশাহী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ জেড এম জামাল উদ্দিন ৩৮ বছর শিক্ষকতা শেষে অবসরজনিত বিদায় সংবর্ধনা পেয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী জসিম উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম সাদেক, সাবেক শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক অমর কৃষ্ণ দাস ও সাইফুল ইসলাম, জমিদাতা সদস্য জুয়েল পাটোয়ারী। বক্তব্য দেন বিদ্যালয়ের শাহ পরান, প্রাক্তন শিক্ষার্থী ডা. শামীম, জাহিদুল হাসান প্রমুখ।
ভোরের আকাশ/ইউএম