চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

চাঁদপুর জেলায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিশোরদের অপরাধপ্রবণতা রোধে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলার সবকটি থানা এবং ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান চালিয়ে মোট ৩৭০ জনকে আটক করেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশ এবং চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান এর দিকনির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় কিশোর গ্যাং, অপরাধপ্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধে এই চিরুনি অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মাদকসহ অন্যান্য অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে যে সকল কিশোর সরাসরি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। পরে অভিভাবকদের উপস্থিতিতে সন্তানদের পড়াশোনায় মনোযোগী হওয়া এবং ভবিষ্যতে অপরাধ থেকে দূরে রাখার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। এরপর মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোরদের সঠিক পথে পরিচালনা এবং কিশোর অপরাধের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। জনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ প্রশাসনের এমন জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ভোরের আকাশ/ এনউব