উখিয়ায় পুলিশের অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

পুলিশের মাদকবিরোধী টহলের মধ্যে সড়কের পাশে পড়ে থাকা একটি বস্তা নিয়ে সন্দেহ হয়। পরে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ ইয়াবা। কক্সবাজারের উখিয়ায় পরিত্যক্ত ওই বস্তা থেকে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে পালিয়ে যায় এক মাদক কারবারি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটসংলগ্ন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতীকুর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল ওই এলাকায় নিয়মিত মাদকবিরোধী টহল দিচ্ছিল। টহলের সময় মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়।
পরে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালানো হলে এর ভেতরে ২০টি প্যাকেটে রাখা মোট ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবাবাহী বস্তাটি সড়কের পাশে ফেলে কৌশলে পালিয়ে যায় ওই মাদক কারবারি। জব্দ করা ইয়াবার চালানটি কার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ভোরের আকাশ/সু.পা