বগুড়ায় নজরুলবর্ষ উপলক্ষে কবি সম্মেলন

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে তিন দিনব্যাপী কবি সম্মেলন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র এ সম্মেলনের আয়োজন করেছে। এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্য সচিব কবি ইসলাম রফিক। অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া এবং প্রকাশনা ও কবি ব্যাগ উপহার দেন তিনি।
সম্মেলন উদযাপন পরিষদের আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ পারিবারিক কারণে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তিনি দুঃখ প্রকাশের পাশাপাশি সম্মেলনে অংশগ্রহণকারী কবি-সাহিত্যিক, অতিথি ও আয়োজকদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক, এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার এবং বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার।
শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির উপপরিচালক ও ছড়াকার ইমরুল ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও বাচিক শিল্পী মাহফুজ ফারুক।
অনুষ্ঠানে বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, স্যুভেনির, দুটি সেমিনার পেপার এবং কবি মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থ ‘নিজস্ব দুঃখগুলো’ প্রকাশ করা হয়।
তিন দিনব্যাপী এ সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও থাকছে দুটি সেমিনার, পাঁচটি মুক্ত আলোচনা এবং সাতটি স্বরচিত কবিতা ও ছড়া পাঠের পর্ব।
সম্মেলনের দ্বিতীয় দিন বিকেল ৪টায় আটজন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬ প্রদান করা হবে। তৃতীয় দিনে কবিরা জিয়াবাড়ি ও মমইন পরিদর্শন করবেন।
সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা। সেখানে বাংলা একাডেমি, শিশু একাডেমি ও পল্লী উন্নয়ন একাডেমির পাশাপাশি বগুড়া লেখক চক্রের স্টলে জাতীয় ও স্থানীয় লেখকদের বই এবং লিটল ম্যাগাজিন বিক্রি হচ্ছে। রয়েছে শীতকালীন পিঠার আয়োজনও।
এর আগে সম্মেলন উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে অংশ নেওয়া কবি-সাহিত্যিকেরা নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন।
সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও একটি সেমিনার, তিনটি মুক্ত আলোচনা এবং তিন পর্বে কবিতা ও ছড়া পাঠ অনুষ্ঠিত হয়। এদিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা এবং তাঁর কবিতা আবৃত্তি করা হয়।
ভোরের আকাশ/সু.পা