পা হারানো ইরামের চিকিৎসার তদন্ত ও ৪ বন্ধুর মুক্তি চেয়ে মানববন্ধন

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ইশতিয়াক জামান ইরামের পা কেটে ফেলার ঘটনায় চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তাঁর বন্ধু ও স্বজনেরা। একই সঙ্গে এ ঘটনায় গ্রেপ্তার তাঁর চার বন্ধুর নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়েছে।
আজ বেলা ১২টায় শহরের সাতমাথায় জেলা স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ইরামের স্বজন ও বন্ধুরা চার দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা ও লাইসেন্স বাতিলসহ বিচার নিশ্চিত করা, হাসপাতালকে দালালমুক্ত করা, ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া এবং ঘটনায় গ্রেপ্তার ইরামের চার বন্ধুকে নিঃশর্ত মুক্তি দেওয়া।
কর্মসূচিতে বক্তারা বলেন, কোনো অপরাধ না করেও ইরামের সহপাঠী ও বন্ধুদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জামিন না দিয়ে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। দ্রুত তাঁদের মুক্তির পাশাপাশি ইরামের ভবিষ্যৎ পুনর্গঠনে উন্নত বিকল্প চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানান বক্তারা।
ইরামের চাচাতো ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান রাজন বলেন, গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যার পর মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে ইরামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের সামনে অতিরিক্ত টাকা দাবি করাকে কেন্দ্র করে ট্রলিম্যান ও আনসার সদস্যদের সঙ্গে ইরামের বন্ধুদের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।
রাজনের অভিযোগ, এ সময় আনসার সদস্যরা রোগীর সঙ্গে থাকা বন্ধুদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ ও মারধর করেন। পরে আনসার সদস্যদের পক্ষ থেকে তাঁদের চাকু দিয়ে আঘাত করার অভিযোগ করা হয়। তবে রাজনের দাবি, ইরামের বন্ধুদের কাছে চাকু নয়, শুধু মোটরসাইকেলের চাবি ছিল।
চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে রাজন বলেন, দুর্ঘটনার পর প্রথম দিনের এক্স-রে প্রতিবেদনে ফ্র্যাকচার ধরা পড়লেও চিকিৎসকেরা সাধারণ চিকিৎসা দেন। পরদিন এক ইন্টার্ন চিকিৎসক জোর করে ইরামের পা ধরে টান দিলে তিনি ব্যথায় চিৎকার করে ওঠেন। পরে আবার এক্স-রে করা হলে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে বলে জানান তিনি।
রাজনের অভিযোগ, দুই দিন ধরে যথাযথ চিকিৎসা না দিয়ে শুধু ব্যান্ডেজ করে রাখা হয়। পরে ডিউটি চিকিৎসক রিপোর্ট দেখে পায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এবং পা কেটে ফেলার প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করেন।
অবস্থার অবনতি হলে ইরামকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে চিকিৎসকেরা জানান, পায়ে পচন ধরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় জীবন বাঁচাতে পা কেটে ফেলা ছাড়া বিকল্প ছিল না। পরে অস্ত্রোপচারের মাধ্যমে ইরামের পা কেটে ফেলা হয় বলে জানান তাঁর স্বজনেরা।
এদিকে, গত ১৬ সেপ্টেম্বর রাতে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহত রোগী বহনকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এতে চার আনসার সদস্য আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
ভোরের আকাশ/সু.পা