নওগাঁয় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর দুবলহাটি-ভীমপুর সড়কের পাশের একটি বিল থেকে শফিকুল ইসলাম স্বপন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের এক দিন পর বৃহস্পতিবার (১১ জুন) সকালে বারোমাসি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ বিলে ফেলে রেখে গেছে।
নিহত শফিকুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানচপাড়া গ্রামের মো. আজিজার রহমান লবিরের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি পুরাতন বাটন ও স্মার্টফোনের যন্ত্রাংশ কেনাবেচার ব্যবসা করতেন বলে নিশ্চিত করেছেন তার শ্যালক।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ জুন সকাল ১০টার দিকে নওগাঁর ভীমপুর এলাকা থেকে নিখোঁজ হন শফিকুল। এরপর স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বারোমাসি বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে মরদেহের অবস্থান ও আলামত দেখে বিষয়টি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা শফিকুলকে হত্যা করে মরদেহ বিলে ফেলে যায়।
ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/ র.ই