রূপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ সম্প্রীতির পরিবেশে

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তাঁর সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাঁরা উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় তাঁদের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও তাঁর সহধর্মিণী আর্কিটেক্ট ইয়াছমিন ইসমাইল, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক, নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সালাউদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন এবং বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।
পূজামণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী। এ সময় তাঁরা প্রতিমার পাশে দাঁড়িয়ে ছবি তোলেন এবং হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে কিছু সময় কাটিয়ে উৎসবের আনন্দ উপভোগ করেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের আশপাশের শান্তিপূর্ণ পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সম্প্রীতি তাঁদের মুগ্ধ করে। এ জন্য তাঁরা স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানানো হয়।
এদিকে, মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী ভুলতা গাউছিয়া এলাকায় পৌঁছালে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান, ছাত্রদল নেতা রাকিব ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে বিদায়বেলায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে জামদানি শাড়ি ও পাঞ্জাবি উপহার দেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও তাঁর সহধর্মিণী আর্কিটেক্ট ইয়াছমিন ইসমাইল।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।
ভোরের আকাশ/ এনউব