ঘুষ খাওয়ার কথা বলে বিপাকে, প্রত্যাহার এএসআই ইলিয়াস

‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়া হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সোমবার রাতেই এএসআই ইলিয়াসকে প্রত্যাহার করা হয়। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকেও অবগত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় এক সপ্তাহ আগে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়ার দায়ের করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত লোকজনের সামনে প্রকাশ্যে ঘুষ নেওয়া নিয়ে মন্তব্য করেন তিনি। এ সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন।
পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে এএসআই ইলিয়াসকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখিই তো কিছু বটে। আমি যদি বলি, পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হব? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’
ঘটনাটি নিয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।’
এএসআই ইলিয়াসকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম।
ভোরের আকাশ/আ.র