নওগাঁয় অসহায় ২১ নারীকে সেলাই মেশিন প্রদান

নওগাঁয় হতদরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ২১ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নিয়েছে নওগাঁ সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সদর উপজেলার অসহায়, দুস্থ ও দরিদ্র নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। বুধবার (১ জুলাই) বেলা ১২টায় নওগাঁ সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগী নারীদের হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আযম রানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সমাজের পিছিয়ে থাকা নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই সরকারের এই প্রয়াস।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সেলাই মেশিন পাওয়া উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং দারিদ্র্য বিমোচনে প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই উদ্যোগ অসহায় নারীদের জীবনে আত্মবিশ্বাস, সম্মান এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
ভোরের আকাশ/ইউএম