জামালপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময় রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জামালপুরের ইসলামপুর বাজারের তিন প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩০ আগস্ট) রাত ৮টার পর পরিচালিত অভিযানে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জোবায়ের।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর মার্কেট, দোকানপাট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা। তবে নির্ধারিত সময়ের পরও কিছু ব্যবসায়ী দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করছিলেন। বিষয়টি নজরে আসার পর ইসলামপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইসলামপুর বাজারের আশরাফ স্টোর, বিশাল বস্ত্রালয় ও একটি ক্রোকারিজের দোকানকে সরকারি নির্দেশনা অমান্যের দায়ে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানিয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, ব্যবসা পরিচালনায় শৃঙ্খলা এবং নির্ধারিত সময়সূচি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা