সাজেকে পাহাড় ধস, আটকা ৪ শতাধিক পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পরে খাগড়াছড়ির সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে চম্পাতলী এবং নন্দারাম নামক এলাকায় অতিবৃষ্টির কারণে এ ঘটনা ঘটে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যান চলাচল বন্ধ থাকার কারণে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভারি বর্ষণ হয়েছে। এতে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম-চম্পাতলী এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। স্থানীয় লোকজনের সহায়তায় মাটি সরানোর কার্যক্রম শুরু করা হয়েছে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, গত রাতে ১১টা থেকে বাঘাইছড়িতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে দিঘীনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাছড়ি উপজেলা প্রশাসন থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু হয়েছে। তবে তারা ম্যানুয়ালি মাটি সরাচ্ছিলেন। কিন্তু বড় বড় পাথর সারানো সম্ভব হচ্ছিল না। তাই উদয়পুর সীমান্ত সড়ক এলাকা থেকে পেলোড়ার (বুল ড্রোজার) আনা হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ