ফুলবাড়ীতে লটারির নামে ৪৫ লাখ টাকা সংগ্রহ, ব্যবসায়ীদের ক্ষোভ

দিনাজপুরের ফুলবাড়ীতে লটারির বই তৈরি করে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪৫ লাখ টাকা সংগ্রহের পর আব্দুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক ব্যবসায়ী। অভিযোগে আব্দুর রহমানসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
ফুলবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঁটাবাড়ী গ্রামের এ ঘটনায় গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় অভিযোগটি দায়ের করেন পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের মো. দবিরুল ইসলাম চৌধুরী। তিনি মো. তোজাম্মেল হক চৌধুরীর ছেলে।
অভিযোগে বলা হয়েছে, ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে কাঁটাবাড়ী গ্রামে আব্দুর রহমান লটারির নামে শতাধিক ব্যক্তিকে সম্পৃক্ত করেন। পরে অভিযুক্তদের মাধ্যমে লটারির আয়োজন করে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২০০, ৩০০ ও ৫০০ টাকা করে নেওয়া হতো। এভাবে অভিযোগকারীসহ বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ীর কাছ থেকে মোট প্রায় ৪৫ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
অভিযোগকারী দাবি করেন, সংগৃহীত টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও অভিযুক্তরা বিভিন্ন সময়ে নানা টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে আব্দুর রহমান ও তার ছেলে মো. নিরব ইসলাম পাওনা টাকা পরিশোধ না করে অজ্ঞাত স্থানে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, পাওনা টাকা ফেরতের বিষয়ে জানতে অভিযোগকারীসহ কয়েকজন ব্যবসায়ী অভিযুক্তদের বাড়িতে গেলে মোছা. নাছরিন বেগম তাদের অশালীন ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। গত ১৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ফুলবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাঁটাবাড়ী এলাকায় টাকা ফেরতের বিষয়ে কথা বলতে গেলেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
এ ছাড়া মো. রবিউল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মো. নিরব ইসলাম ব্যবসায়ীদের বিভিন্নভাবে সময়ক্ষেপণ ও টালবাহানা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ফুলবাড়ী বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারী দাবি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, পাওনা টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগকারী আরও জানিয়েছেন, আব্দুর রহমানকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।