সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ থাকবে না : খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বৈচিত্র্যময় বাংলাদেশের মানচিত্র সবাই মিলে ধরে রাখতে হবে। কোন পরিস্থিতিতেই সম্ভাবনাময় সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় বিভেদ তৈরি করা যাবে না। একে অপরের সম্প্রীতি ও সৌহার্দ্য ধরে রাখতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সকল অপশক্তিকে পরাজিত করে সন্ত্রাস ও মাদক মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় মানিকগঞ্জ শহরের কালীবাড়ি মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যখন কোনো বিপদে বা অসহায় অবস্থায় থাকবেন, তখন আমাকে ডাকবেন। আমি আপনাদের ডাকে সবসময় সাড়া দেব। আপনাদের জন্য আজ আমি এমপি হয়েছি মন্ত্রী হয়িছে। দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। দেশে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। সকল অর্জনই আপনাদের ভালোবাসার প্রতিফলন।
তিনি আরও বলেন, মানুষের পরিচয়ের ক্ষেত্রে ধর্মীয় বিভাজনের চেয়ে বাংলাদেশি পরিচয়ই বড়। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাংলাদেশের শক্তি উল্লেখ করে তা ধরে রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের চারটি সংগঠনের জন্য একটি কার্যালয় স্থাপনের দাবির বিষয়েও কথা বলেন খাদ্যমন্ত্রী। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে খাস জমিতে এ ধরনের কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
আলোচনা সভা শেষে কালীবাড়ি মন্দির থেকে জন্মাষ্টমী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার সরকার এর সভাপতিত্বে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন আফরোজা খানম রিতা। এ সময় জেলা বিএনপি'র আব্বাক কমিটির সদস্য অ্যাডভোকেট আ ত ম জহির উদ্দিন লোদী, অ্যাডভোকেট আফম নূরতাজ আলম বাহার, কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদন কায়সার, কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য শামীম আল মামুন, মুহাম্মদ মাসুদ পারভেজ, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, কৃষক দল, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব