টেকনাফে পলাতক মাদক মামলার আসামি আটক

কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম (৩৭) টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, ২০১২ সালে চট্টগ্রামের হালিশহর থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (১১ মে) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বীচ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।
আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক ও অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই