ফল প্রকাশের দিনই মুকসুদপুরে শিক্ষার্থীর আত্মহত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অভি বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত অভি বিশ্বাস উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামের গোপাল বিশ্বাসের ছেলে। সে বেদগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
সোমবার (১০ আগস্ট) দুপুরে কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর অভি জানতে পারে, সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপর হতাশাগ্রস্ত হয়ে নিজ ঘরে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন।
খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/জেআ