চাঁদপুরে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার, মূলহোতা পলাতক

চাঁদপুর সদর উপজেলার নরুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে নরুল্লাহপুর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সদস্যরা।
অভিযানকালে ওই বাসার একটি কক্ষে থাকা খাট এবং একটি মোটরসাইকেলে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে কথিত মাদক কারবারের মূলহোতা ফারহান রানা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, পলাতক ফারহান রানা ও তার সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ভোরের আকাশ/ এনউব