সোনারগাঁয়ে দূর্বৃত্তদের হামলায় রাজ মিস্ত্রি নিহত

দুর্বৃত্তদের হামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পরমেশ্বরদী এলাকায় নাঈম হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পরমশুরদি এলাকায় নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত যুবক নাঈম হোসেন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি সে তার নিজ এলাকায় একটি গ্রাম্য সমবায় সমিতি পরিচালনা করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজ মিস্ত্রি নাঈম হোসেন। পথিমধ্যে পরমেশ্বরদীর নির্জন এলাকায় একটি সরিষা ক্ষেতের পাশে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই হত্যাকাণ্ডের পর থেকে পরমেশ্বরদী ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনরা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যা কান্ডের ঘটনায় একটি মামলা দায়ের করেছেন নিহতের পরিবার। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ র.ই