চাকরি স্থায়ীকরণ ও রাজস্ব খাতভুক্তির দাবি
বগুড়ায় মউশিক শিক্ষকদের র্যালি ও মানববন্ধন

সংগঠনটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বগুড়া জেলা শাখার উদ্যোগে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ এলাকা থেকে এক শান্তিপূর্ণ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় গিয়ে এক মানববন্ধন ও আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তিন স্তরে সব বয়সের শিক্ষার্থীদের কুরআন, হাদিস ও নৈতিক শিক্ষা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা ও সচেতনতামূলক কার্যক্রম অতি দ্রুত তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
শিক্ষকদের ন্যায্য দাবির কথা তুলে ধরে বক্তারা প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে চাকরি স্থায়ীকরণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জোর দাবি জানান।
মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা সভাপতি মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, মহানগর কমিটির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহীন রেজা, সদর উপজেলা সভাপতি মাওলানা আবু সাঈদ ও মাওলানা আব্দুল করিমসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
ভোরের আকাশ/ইউএম