মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, ককটেল উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজার এলাকায় বিএনপির একটি কার্যালয়ে রাতের আঁধারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয় থেকে দলটির কয়েকজন শীর্ষ নেতার ছবি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে মিঠাখালী আলম বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের তথ্যমতে, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করে। একই সঙ্গে কার্যালয়ে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে চলে যায়। খবর পেয়ে মঠবাড়িয়া থানা-পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙা দুটি প্লাস্টিকের চেয়ার, ক্ষতিগ্রস্ত একটি এলইডি টেলিভিশন, একটি তালা ও লাল স্কচটেপে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
ঘটনার বিষয়ে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, রাতে তারা বিষয়টি জানতে পারেন। পরে প্রশাসনকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা