মনোহরগঞ্জে ইউএনও রিফাত জাহানকে সম্মাননা স্মারক প্রদান

কুমিল্লার মনোহরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহানের যোগদান উপলক্ষে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে উপজেলার ১১টি ইউনিয়নের ১৭৬টি গ্রামে পরিচালিত বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে নবাগত ইউএনওকে অবহিত করা হয়। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, রমজানে খাদ্য প্যাকেজ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ।
এ ছাড়া শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সভা-সেমিনার আয়োজন ও জিরো টলারেন্স নীতি ঘোষণা, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং বিভিন্ন ক্ষেত্রে ১৩২টি অনুদান প্রদানের বিষয়েও সভায় বিস্তারিত তুলে ধরা হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে তাদের চলমান মানবিক ও সামাজিক কার্যক্রমে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। নবাগত ইউএনও রিফাত জাহান ভবিষ্যতে সংগঠনের মানবিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
পরে সংগঠনের পক্ষ থেকে ইউএনও রিফাত জাহানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় সংগঠনের প্রতিনিধিত্ব করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ খান, দপ্তর সম্পাদক ফারুক হোসাইন, অর্থবিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, কার্যকরী সদস্য তাজুল ইসলাম, মাওলানা কাউসার হোসাইন, শাহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম প্রমুখ।
ভোরের আকাশ/জেআ