বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়া হয়েছে। তাঁরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে কোনো ধরনের বাধা বা অসম্মান গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/সু.পা