নীলফামারীতে ফার্মেসি কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহালের দাবি

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে নীলফামারী বড় বাজার ট্রাফিক মোড়ে বিসিডিএস নীলফামারী জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এতে সংগঠনটির জেলা সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, বর্তমান সিনিয়র সহ সভাপতি মো. সহিদুল ইসলাম, মো. তোবারক আলী ও মো. সফিউল আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএসের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। তাই এ সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালনের কথাও জানান তাঁরা।
এসময় সংগঠনটির জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং শহরের সাধারণ ওষুধ ব্যবসায়ীরা কর্মসূচিতে অংশ নেন।
ভোরের আকাশ/সু.পা