রাঙামাটি জেলা পরিষদের নতুন কমিটিকে বিএনপির নেতাকর্মীদের উৎসবমুখর বরণ

তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, ফুলেল শুভেচ্ছা, ব্যান্ড পার্টি, মিষ্টি বিতরণ ও নানা স্লোগানে উৎসবমুখর পরিবেশে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদকে বরণ করে নিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা রাঙামাটি শহরে জড়ো হন। তাদের উপস্থিতিতে শহরজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
গত ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও ১৪ সদস্যের নাম ঘোষণা করা হয়। এর পর বৃহস্পতিবার নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ দায়িত্ব গ্রহণ করে।
নতুন পরিষদের চেয়ারম্যান হয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। পরিষদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন সাব্বির, কেন্দ্রীয় যুবদল নেতা শাশ্বত চাকমা রিংকুসহ বিভিন্ন উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সদস্য করা হয়েছে।
সকাল থেকে রাঙামাটির প্রবেশমুখ রাউজান-বেতবুনিয়া এলাকায় বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা নতুন চেয়ারম্যান ও সদস্যদের বরণ করতে অবস্থান নেন। পরে গাড়িবহরসহ তাদের রাঙামাটি শহরে নিয়ে আসা হয়। এ সময় ফুল ছিটিয়ে, পুষ্পমাল্য পরিয়ে, ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র বাজিয়ে ও মিষ্টি বিতরণ করে নবগঠিত পরিষদকে স্বাগত জানানো হয়।
নেতাকর্মীদের ‘দীপু ভাই এগিয়ে চলুন’, ‘বিএনপি এগিয়ে চলুক’সহ বিভিন্ন স্লোগানে রাঙামাটির রাজপথ মুখর হয়ে ওঠে।
নবগঠিত পরিষদে প্রথমবারের মতো খেয়াং সম্প্রদায়ের একজনকে সদস্য করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ১৪ সদস্যের মধ্যে রয়েছেন শাশ্বত চাকমা রিংকু, বিল্টু চাকমা, শুভমল চাকমা, অনিল বরণ চাকমা, উথাইমং মার্মা, পাইসিংমং মার্মা, মিস প্রেমা তালুকদার, টিমোতি খিয়াং, সুপর্ণ দে বর্মণ, অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, তপজ্যোতি সেন, ফারুক হোসেন সাব্বির, মিস নন্দিতা দাশ ও মিস চন্দ্রা চাকমা।
দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান দীপন তালুকদার দীপু নেতাকর্মীদের ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে নতুন পরিষদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পরিষদের সদস্যদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, জনকল্যাণ ও এলাকার প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হবে। দুপুরের পর নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাদের ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ভোরের আকাশ/সু.পা