মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি পরিচিতি ও মতবিনিময় সভা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মো. মোখলেছুর রহমান মোখলেছ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন নবগঠিত কমিটির সদস্যদের স্বাগত জানান। পরে নবগঠিত কমিটির সভাপতি মো. মহির উদ্দিনসহ অন্যান্য সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা, গুণগত শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. মহির উদ্দিন বলেন, প্রতিটি শিশুর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং এ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে আমরা বদ্ধপরিকর। শিক্ষক, অভিভাবক ও কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের পূর্ব পাশের নদী ও উত্তর পাশের খালের ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ জরুরি। এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে এবং সংসদ সদস্যের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথি মো. মোখলেছুর রহমান মোখলেছ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষাই মেধা ও মননশীলতা বিকাশের মূল ভিত্তি। নবগঠিত কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক (তুলা), শিক্ষানুরাগী ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার নাজিম উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোরহাব উদ্দিন, ঘাটাইল সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. খালেক খান, সংরক্ষিত নারী ইউপি সদস্য আয়েশা আক্তার এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য পদপ্রার্থী বিপাশা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ভোরের আকাশ/আ.র