খুলনায় লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে অলোচনা সভা

লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে অসাম্প্রদায়িকতা, মানবপ্রেম ও লালন শীর্ষক অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার ১৭ অক্টোবর সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।
সভায় লালন সাঁইজির জীবনদর্শন, মানবতাবাদী চিন্তা, অসাম্প্রদায়িক চেতনা ও সংগীতের মাধ্যমে সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাউল ফকির লালন সাঁইজি ছিলেন মানবতার সাধক ও মাটির কাছের মানুষ। তাঁর গান ও দর্শন, জাত-পাত, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার শিক্ষা দিয়েছিলেন। তাঁর কালজয়ী গান আজও মানুষকে সত্য, সুন্দর ও মানবিকতার পথে চলতে অনুপ্রাণিত করে।
তারা আরও বলেন, লালন সাঁইজির দর্শন শুধু সংগীতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাঁর চিন্তা ও আদর্শ সমাজে সাম্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্মের কাছে লালন সাঁইয়ের জীবন ও দর্শন তুলে ধরতে সংশিষ্ট সকলের প্রতি আহ্বান জানান অতিথিরা।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সহকারী পুলিশ সুপার মোঃ আজিজুর রহমান খান ও কেএমপির এডিসি (দক্ষিণ) অমিত বর্মন। এতে আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংস্কৃতিককর্মী, লালনভক্ত ও গণমাধ্যমকর্মী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম।
এর আগে তিরোধান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি রেলওয়ে স্টেশন থেকে বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংস্কৃতিককর্মী, লালনভক্ত অংশ নেন।
ভোরের আকাশ/ এনউব