সিদ্ধিরগঞ্জে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত গোডাউনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে গোদনাইল সৈয়দ পাড়া ক্যানেল পাড় বউ বাজার এলাকার বেলাল মসজিদের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি পরিত্যক্ত গোডাউন থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে বিষয়টি এলাকার লোকজন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এসআই মো. আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
পুলিশ আরো জানায়, উদ্ধার হওয়া মরদেহটি আনুমানিক ২৮/৩০ বছর বয়সী এক যুবকের। অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৬ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, ধারনা করা হচ্ছে যুবকের বয়স ৩০ বছর হতে পারে।
গোডাউনের ভিতর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।