সারিয়াকান্দিতে ঝুঁকিপূর্ণ সড়ক নিয়ে ক্ষোভ, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর হিন্দুকান্দি এলাকায় বৃষ্টির পানিতে ধসে পড়েছে মানুষের চলাচলের একমাত্র সড়ক।
ধসের পর দেড় থেকে দুই মাস পেরিয়ে গেলেও সংস্কার না হওয়ায় সড়কটি এখন স্থানীয়দের কাছে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভারি বর্ষণের ফলে বৃষ্টির পানির সাথে সড়কের একাংশের মাটি সরে যাওয়ার পর ধীরে ধীরে ধসের পরিমাণ বাড়ছে। ঝুঁকিপূর্ণ ওই স্থানে এখন পর্যন্ত কোনো সাময়িক মেরামতের ব্যবস্থা করা হয়নি। ফলে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয়রা জানান, দিনের আলোতে ধসের স্থান এড়িয়ে চলা গেলেও সন্ধ্যার পর পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। অন্ধকারে ধসে যাওয়া অংশ ঠিকমতো দেখা যায় না। এতে শিশু, বয়স্ক ও রোগীদের চলাচল নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর দাবি, সড়কটি তাদের জন্য বিকল্পহীন। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া, রোগীদের চিকিৎসার জন্য নেওয়া এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজে বাইরে যাওয়ার জন্য এই পথই ব্যবহার করতে হয়। দ্রুত সংস্কার করা না হলে দুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় পৌর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের প্রশ্ন, কোনো দুর্ঘটনা ঘটার পরই কি কর্তৃপক্ষের নজরে পড়বে এই সড়ক?
তবে পরিদর্শন না করার অভিযোগ অস্বীকার করে সারিয়াকান্দি পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, “আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। খুব শিগগিরই কাজ শুরু করা হবে।”
এলাকাবাসীর দাবি, আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত ধসে পড়া অংশে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে স্থায়ী সংস্কারকাজ শুরু করতে হবে। তাদের আশঙ্কা, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে দুর্ঘটনার আগেই সড়কটি নিরাপদ করা জরুরি।
ভোরের আকাশ/রই