লক্ষ্মীপুরে সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে ইউনুস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালের পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর ভবানীগঞ্জ ইউনিয়নের চটকির সাঁকো এলাকার মরা মুছার খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সদর, কমলনগর ও রামগতি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। নিহত ইউনুস ওই এলাকার মো. কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত খালে পড়ে যায় ইউনুস। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে সদর ও কমলনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দীর্ঘসময় চেষ্টা করেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
পরে সন্ধ্যার পর রামগতি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। রামগতি ডুবুরি দলের নেতা খোকন মজুমদার ও সহযোগী সাজ্জাদ হোসেন সাজুর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
প্রায় আধা ঘণ্টা অভিযান চালানোর পর খালের পানির নিচে বাঁশের ঝোপের ভেতর থেকে ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর ফায়ার স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/সু.পা