জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ইসহাক মিয়া সড়ক : দুর্ভোগে ১৬ গ্রামের মানুষ

চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহ্যবাহী ইসহাক মিয়া সড়কের পাশে নালা থাকলেও নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে পানি জমছে। এতে সড়কের পিচ ও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়ছেন যাত্রী ও স্থানীয়রা। গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রায় সাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ ইসহাক মিয়া সড়কটি চুনতি ও পুটিবিলা ইউনিয়নের ১৬টি গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ছাড়া সড়কটির মাধ্যমে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং বান্দরবানের লামা উপজেলার সঙ্গে যোগাযোগ করা হয়।
স্থানীয়রা জানান, সড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য নালা থাকলেও দীর্ঘদিন ধরে তা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে না পেরে সড়কের ওপর জমে থাকে। এতে সড়কের বিভিন্ন অংশ নষ্ট হচ্ছে ও যানবাহন চলাচলে দুর্ভোগ বাড়ছে।
মরহুম মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন বাচ্চু তাঁর পিতার নামে সরকারি বরাদ্দে এ সড়কটি নির্মাণ করেন। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় পহরচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবছার উদ্দীন আক্ষেপ করে বলেন, ‘লাখ টাকার বাগান খাইলো এক টাকার ছাগলে!’
স্থানীয়দের মতে, সড়কের পাশের নালা নিয়মিত পরিষ্কার ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করা হলে সড়কটি দীর্ঘস্থায়ীভাবে রক্ষা করা সম্ভব। গুরুত্বপূর্ণ এ সরকারি সম্পদ রক্ষায় দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
ভোরের আকাশ/সু.পা