ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন ৩ বগি

ব্রাহ্মণবাড়িয়ার তালশহরে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় পেছনের ৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে তালশহর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
তালশহর রেলস্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে যায়।
দুপুর পৌনে ১২টার দিকে ট্রেনটি আশুগঞ্জের তালশহর রেলস্টেশন এলাকায় পৌঁছে চলন্ত অবস্থায় বাফার খুলে গিয়ে ট্রেনের পেছনের ৩টি বগি আলাদা হয়ে যায়।
বিষয়টি বুঝতে পেরে লোকোমাস্টার ব্রেক করলে ইঞ্চিনসহ বাকি বগিগুলো প্রায় আধা কিলোমিটার দূরে স্টেশন এলাকায় থেমে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
তবে এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশনে দায়িত্বরত মাস্টার শহিদুল ইসলাম বলেন, 'চলন্ত অবস্থায় ট্রেনটি পৃথক হয়ে যায়। এতে ট্রেনের পেছনটির ৩টি বগি আলাদা হয়ে পেছনে রয়ে যায়। ইঞ্জিনসহ বগিগুলো সামান্য দূরত্বে স্টেশন এলাকায় থামান চালক।'
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, তালশহর এলাকায় ট্রেনটির পেছনের ৩টি বগির কাপলিং হুক ভেঙে বগি আলাদা হয়ে যায়। ঘটনার স্থানে একাধিক লাইন থাকার কারণে আপ-ডাউন দুই দিকেই ট্রেন চলাচলে স্বাভাবিক রয়েছে। পরে হুক লাগিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।
ভোরের আকাশ/জাআ