পরশুরাম সীমান্ত: সাড়ে ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এসময় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল ৯টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সীমান্তের ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে নুরুল ইসলাম (৬৩) নামের ওই বৃদ্ধকে ধরে নিয়ে যায় বিএসএফ। বিজিবি ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির দুই হাতে প্রতিবন্ধকতা রয়েছে। তিনি গ্রামে থেকে শাক-সবজি কিনে বাজারে নিয়ে বিক্রি করেন।
ভোরের আকাশ/এসএইচ