জীবননগরে বাঁকা ইউনিয়ন বিএনপির তিন নেতাকে স্বপদে পুনর্বহাল

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৩ নম্বর বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদককে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে স্বপদে পুনর্বহাল করেছে জীবননগর উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন (খোকন) ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী স্বাক্ষরিত এক দলীয় সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়।
দলীয় সিদ্ধান্তে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাঁকা ইউনিয়ন পরিষদে জৈব সার পরিবহনকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে প্রচারিত অপপ্রচারের বিষয়ে উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ নিরপেক্ষভাবে সরেজমিনে তদন্ত করেন।
তদন্ত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩ নম্বর বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল খালেক, সহ-সভাপতি মো. খাদেমুল ইসলাম খোকন এবং সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল বাসারের ওই ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দলীয় সিদ্ধান্তে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, কতিপয় স্বার্থান্বেষী মহলের ভুল বোঝাবুঝি ও অপপ্রচারের কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে জীবননগর থানায় লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়েছে।
দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সার্বিক স্বার্থ বিবেচনায় নিয়ে ওই তিন নেতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত প্রমাণিত হওয়ায় তাদের সব ধরনের দায় ও অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ৩ নম্বর বাঁকা ইউনিয়ন বিএনপির সংশ্লিষ্ট পদে তাদের পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সিদ্ধান্তে আশা প্রকাশ করা হয়, পুনর্বহাল হওয়া নেতারা নিজ নিজ দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা বজায় রাখবেন এবং জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনগুলোতে দলকে সুসংগঠিত ও বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
উপজেলা বিএনপির এ সিদ্ধান্ত ১৫ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব