নাগেশ্বরীতে ধানের জমিতে খণ্ডিত পা উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়ক দিয়ে যাতায়াতের সময় কয়েকজন পথচারী পাশের ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মানবদেহের অংশটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাতের যেকোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা খণ্ডিত পা-টি সড়কের পাশে ফেলে রেখে গেছে। উদ্ধারের সময় ঘটনাস্থলে একটি রক্তাক্ত পলিথিন ব্যাগও পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানবদেহের একটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। পা-টি কার এবং কীভাবে সেখানে এলো, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
ভোরের আকাশ/সু.পা