তেঁতুলিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, বাউফলে ৮ জেলের কারাদণ্ড

পটুয়াখালীর বাউফলে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের অভিযোগে আট জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে এক মাস এবং বাকি সাতজনকে ১৯ দিন করে কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল।
মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া ও মঠবাড়িয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আট জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- আরিফ ফকির (২২), রমিজ প্যাদা (২৪), ইসমাইল খন্দকার (২৫), ফিরোজ হাওলাদার (৫০), করিব খন্দকার (৪০), ইলিয়াস ফকির (২৬), সোলায়মান সিকদার ও জাহিদুল ইসলাম। তাঁদের মধ্যে জাহিদুল ইসলামকে এক মাসের এবং অপর সাতজনকে ১৯ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে তেঁতুলিয়া নদীতে অভিযান অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/আ.র