দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে নীলফামারীতে আইনশৃঙ্খলা সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নীলফামারী জেলার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) নীলফামারী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।
সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ সতর্ক রয়েছে। একই সঙ্গে পূজাকে ঘিরে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার ক্রাইম মনিটরিং সেলের নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, জেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাক-পূজা, পূজা চলাকালীন ও পূজা-পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের মতামত নেওয়া হয়। তাদের উত্থাপিত বিষয়গুলো বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-সেবা (নীলফামারী সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী (সৈয়দপুর সার্কেল), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপজেলা ও পৌরসভা পর্যায়ের পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা