লবণ কম খেলে নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপ

বর্তমানে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন দেশে অত্যন্ত সাধারণ একটি স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিলেও এ বিষয়ে মানুষের সচেতনতা এখনও তুলনামূলক কম।
চিকিৎসকদের মতে, অতিরিক্ত লবণ গ্রহণ কমাতে পারলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনও জরুরি।
সোমবার (১৮ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ সচেতনতা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল (সিআইএমসিএইচ) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম।
তিনি বলেন, উচ্চ রক্তচাপ হৃদযন্ত্র, কিডনি ও মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করতে পারে। তাই খাদ্যতালিকায় লবণের পরিমাণ কমানোর পাশাপাশি নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো প্রয়োজন।
তিনি ‘মাস্কড হাইপারটেনশন’ ও ‘হোয়াইট কোট হাইপারটেনশন’ রোগীদের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরফানা ইয়াছমিন বলেন, উচ্চ রক্তচাপ অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই শরীরে ক্ষতি করে, এজন্য একে ‘নীরব ঘাতক’ বলা হয়।
তিনি জানান, কিছু রোগীর ক্ষেত্রে হাসপাতালে রক্তচাপ স্বাভাবিক দেখা গেলেও বাসা বা কর্মস্থলে তা বেড়ে যেতে পারে।
কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আখতারুল ইসলাম চৌধুরী বলেন, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করা সম্ভব।
সভাপতির বক্তব্যে সিআইএমসি’র অধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। তিনি ধূমপান, মদ্যপান ও স্থূলতা পরিহারের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। একই সঙ্গে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ চালু করা হয়, যেখানে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য চিকিৎসা পরামর্শ ও বিভিন্ন পরীক্ষায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই