নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সমাজে ছড়িয়ে পড়া মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং নিষিদ্ধ ও গোপন সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এবং সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, নিষিদ্ধ ও গোপন সংগঠনের প্রভাবে অনেক তরুণ ও কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা সমাজে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও অপরাধ দমনে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপি নেতা ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছেরসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
সমাবেশ থেকে বক্তারা সতর্ক করে বলেন, মাদক ও কিশোর অপরাধের মতো সামাজিক ব্যাধিগুলো দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম গভীর সংকটের মুখে পড়বে। তাই এসব অপরাধ প্রতিরোধে সরকার, প্রশাসন ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ভোরের আকাশ/এম