ফেসবুকে পরিচয় থেকে বন্ধুত্ব, নাজিরপুরে তিন কিশোরী উদ্ধার

পিরোজপুরের নাজিরপুরে ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বের সূত্র ধরে বাড়ি ছাড়ার পরিকল্পনার সময় তিন কিশোরীকে উদ্ধার করে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার কিশোরী মেহজাবিন আক্তার ঋতুর। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।
এই বন্ধুত্বের সূত্র ধরে পূর্বপরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পিরোজপুরে আসে ঋতু। পরে নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড এলাকায় তিন কিশোরী একত্রিত হয়। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন বিষয়টি নাজিরপুর থানায় জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরীকে হেফাজতে নেয় এবং তাদের পরিচয় ও পারিবারিক তথ্য যাচাই-বাছাই করে।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “সন্দেহজনক গতিবিধির কারণে তিন কিশোরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের পরিচয় ও পারিবারিক তথ্য যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কী কারণে এক জেলার কিশোরী অন্য জেলায় এসে সমবয়সী দুই কিশোরীকে নিয়ে বাড়ি ছাড়ার পরিকল্পনা করেছিল।
তবে ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা অন্য কোনো উদ্দেশ্যের সংশ্লিষ্টতার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের মতে, কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।
ভোরের আকাশ/এম