পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৪ জন নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১৪ জন ব্যক্তি বাংলাদেশ ও ভারতের সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ২ শিশু, ২ নারী ও ১০ পুরুষকে একযোগে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ। এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয় বিজিবির একটি দল। বিজিবির প্রবল প্রতিরোধ ও সতর্ক অবস্থানের মুখে বিএসএফ তাদের পুশইনের পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ১৪ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজের অভ্যন্তরে অবস্থান করছেন। তাঁদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে বিজিবির কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। পুশ ইন রুখে দিতে সীমান্তে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণও পাহারা বসিয়েছে। সীমান্তবাসীরা বলছেন ভারতের এই অপতৎপরতা কোনোভাবে মেনে নেওয়া হবে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, বিএসএফের এই অননুমোদিত পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং দ্রুত বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায় এর আগেও কয়েকবার ভারত পুশইনের চেষ্টা করেছিল। আমাদের কঠোর প্রতিরোধে তারা পিছু হটেছে। আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।
ভোরের আকাশ/সু.পা