নতুন কুড়ি স্পোর্টস’ গড়বে আগামীর ক্রীড়া তারকা : ইমরান এমি

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সিজেকেএস সাঁতার কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান এমি।
তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এ উদ্যোগ। সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়রা জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।
বুধবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া মোহনা বাজার মাঠে অনুষ্ঠিত গোবাদিয়া প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমরান এমি আরও বলেন, ক্রীড়াবান্ধব রাষ্ট্র গঠনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে খেলাধুলার প্রসারে এগিয়ে আসতে হবে। তরুণদের সুস্থ বিনোদন ও নেতৃত্ব বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়ার প্রসার ঘটলে দেশ যেমন এগিয়ে যাবে, তেমনি এগিয়ে যাবে যুবসমাজও।
ফাইনাল ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর টাইব্রেকারে কর্ণফুলী ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় মেঘনা ফুটবল একাদশ।
ক্রীড়া সংগঠক আব্দুল মুহিত চৌধুরী শিপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক হুমায়ুন কবির শাহ সুমন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদ হৃদয় এবং সাংবাদিক আরাফাত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধপ্রবণতা থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে। তাই সমাজের সর্বস্তরে ক্রীড়া সংস্কৃতি বিস্তারে সবাইকে এগিয়ে আসতে হবে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। একই সঙ্গে টুর্নামেন্টসেরা ও ম্যাচসেরা খেলোয়াড়দের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
ভোরের আকাশ/ র.ই