খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) উচ্চ বিদ্যালয় মাঠে ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআইয়ের অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক উপস্থাপনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বিএআরআইয়ের প্রধান কার্যালয়ে পৌঁছালে কৃষিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা পুলিশ সুপার ও ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তাঁকে স্বাগত জানান। পরে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘বারি জিন ব্যাংক’ পরিদর্শন করেন, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং কৃষি প্রযুক্তি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মতবিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিবিজ্ঞানীদের অবদানের প্রশংসা করেন। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তাঁর বক্তব্যে ফসল সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বাংলাদেশের কৃষিকে বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএআরআইয়ের মহাপরিচালক অধ্যাপক ড. মঞ্জুরুল কাদের। নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআইয়ের অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, কৃষিবিজ্ঞানী, বিএআরআইয়ের বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা