জুতা মেরামত পেশার ১১৬ কর্মজীবীর হাতে টুলবক্স ও ছাতা

জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের কর্মজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও পেশাগত সহায়তায় ১১৬ জন সুফলভোগীর মাঝে টুলবক্স, ছাতা ও জুতা পরিষ্কার ও মেরামতের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের খঞ্জনপুরস্থ হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগীদের হাতে টুলবক্স ও অন্যান্য সরঞ্জাম তুলে দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান। এ সময় জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন জুতা তৈরি ও মেরামত পেশার সঙ্গে যুক্ত কর্মজীবীর হাতে কাজের টুলবক্স, রোদ-বৃষ্টি থেকে সুরক্ষার জন্য ছাতা ও জুতা পরিষ্কার ও মেরামতের আনুষঙ্গিক সরঞ্জাম তুলে দেওয়া হয়।
উপকরণ পেয়ে জয়পুরহাট পৌর এলাকার শিল্পা রবিদাস বলেন, বর্ষা ও প্রচণ্ড রোদের মধ্যে রাস্তায় বসে কাজ করতে তাদের অনেক কষ্ট হয়। নতুন টুলবক্স ও ছাতা পাওয়ায় কাজের সুবিধা হবে। এতে পরিবার নিয়ে কিছুটা ভালোভাবে চলতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
সিতারাম রবিদাস বলেন, তাদের মতো খেটে খাওয়া মানুষের কাজের প্রতি সম্মান জানিয়ে জেলা পরিষদ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এ উদ্যোগের জন্য তিনি জেলা পরিষদকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, সমাজের অবহেলিত ও প্রান্তিক পেশাজীবীদের স্বাবলম্বী করা এবং তাদের কাজের পরিবেশ উন্নত করতেই জেলা পরিষদের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভোরের আকাশ/জেআ