ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুলের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তর ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে এ সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শুরুর আগে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ইসরাত ফারজানা এবং ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় পর্ব শুরু হয়।
সভায় মন্ত্রী জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন দপ্তরের কার্যক্রমের হালনাগাদ তথ্য শোনেন। বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, ইউনিয়ন ও পৌর পর্যায়ের সেবা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, কৃষি ও পল্লী উন্নয়ন কর্মকাণ্ড এবং নাগরিক সেবা সহজীকরণ নিয়ে আলোচনা হয়।
এ সময় তিনি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্পন্ন সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার গুণগত মান বৃদ্ধির বিষয়েও তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সকাল ১১টায় শুরু হওয়া এ মতবিনিময় সভায় জেলার সকল সরকারি অফিসের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে একটি ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসন ও স্থানীয় সরকারের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ভোরের আকাশ/ র.ই