রূপগঞ্জে অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাইসেন্সধারী অস্ত্রধারীদের নিরাপত্তাকর্মী (গানম্যান) হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে অস্ত্র লুটের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এসব তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন পৃথক ঘটনায় লাইসেন্সধারী অস্ত্রধারীদের চাকরির আশ্বাস দিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় ডেকে নেওয়া হয়। পরে তাদের একটি মাইক্রোবাসে তুলে মরিচের গুঁড়া ছিটিয়ে অচেতন করে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ফেলে রেখে সঙ্গে থাকা লাইসেন্সকৃত অস্ত্র ছিনিয়ে নেয় চক্রটি।
ভুক্তভোগীদের মধ্যে বাগেরহাট, শরীয়তপুর ও নওগাঁ জেলার কয়েকজন লাইসেন্সধারী অস্ত্রধারী রয়েছেন। এসব ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলা এবং ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), সিরাজুল ইসলাম (৩২) ও ইব্রাহিম শেখ (৩১) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে লুট হওয়া দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর এবং একটি ভুয়া নম্বরপ্লেট উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে লাইসেন্সধারী অস্ত্রধারীদের টার্গেট করে এ ধরনের অপরাধ সংঘটিত করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে অস্ত্র লুটের আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে চক্রটির বিস্তৃত নেটওয়ার্ক উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ভোরের আকাশ/এনউব