সরকারি আজিজুল হক কলেজের নতুন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুল আলম

দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মোঃ শামসুল আলম।
বুধবার (২৯ এপ্রিল) তিনি যোগদান করেন। যোগদানের পূর্বে তিনি অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ২৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রফেসর মোঃ শামসুল আলমকে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।
প্রফেসর মোঃ শামসুল আলম ১৮ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হিসেবে ১৯৯৯ সালে প্রভাষক হিসেবে বগুড়ার গাবতলী সরকারি কলেজে যোগদান করেন। এরপর ২০০৯ সালে তিনি সিরাজগঞ্জের কাজীপুর মুনসুর আলী কলেজে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর ২০১০ সাল থেকে সরকারি আজিজুল হক কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। পরবর্তিতে অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে তিনি ব্যবস্থাপনা বিভাগে যোগদান করেন।
২০২৪ সালের নভেম্বর মাস থেকে তিনি সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর পদায়ন পেয়ে তিনি বুধবার একই কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রফেসর মোঃ শামসুল আলম বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।
ভোরের আকাশ/নি