চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
রোববার (৩১ মে) রাতে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট (G9-520) লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, এভিয়েশন সিকিউরিটি এবং বিমানবন্দর কাস্টমসের যৌথ দল আন্তর্জাতিক আগমন টার্মিনালের ৩ নম্বর গেটে তল্লাশি অভিযান চালায়। এ সময় শারজাহ থেকে আসা যাত্রীদের ব্যাগেজ ও লাগেজ বেল্টে বিশেষ নজরদারি করা হয়।
অভিযানে তিন যাত্রীর লাগেজ থেকে ১ হাজার ২ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময় লাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় আরও ৬৯৬ কার্টন সিগারেট পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা সিগারেটের মোট পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৬৯৮ কার্টন। উদ্ধারকৃত সিগারেটের মধ্যে ‘মন্ড’ ও ‘ম্যানচেস্টার’ ব্র্যান্ডের পণ্য রয়েছে।
তিন যাত্রী হিসেবে যাদের লাগেজ তল্লাশি করা হয়, তারা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, চট্টগ্রামের হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত সিগারেটের আনুমানিক রাজস্ব মূল্য প্রায় ৩৩ লাখ ৯৬ হাজার টাকা। পণ্যগুলো ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) অনুযায়ী জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আটক তিন যাত্রীকে প্রাথমিকভাবে মৌখিক সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আমদানি-নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে ভবিষ্যতেও নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই